ঢাকা, ১৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিরফোর ডটকম)- রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার সহকর্মীর রডের আঘাতে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মিরপুরের বড়বাগ এলাকায় একটি ভবনের নির্মাণকাজ চলার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
মিরপুর থানার উপপরিদর্শক গোলাম নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে নির্মাণ শ্রমিক মোবারক হোসেন এবং মনিরের মধ্যে কাজ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনির উত্তেজিত হয়ে হাতের কাছে থাকা একটি রড দিয়ে মোবারকের মাথায় আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
মোবারককে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরপরই মনির পালিয়ে যায়।
এ ঘটনায় মোবারকের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন।
মিরপুর থানা পুলিশ জানায়, মনিরকে গ্রেপ্তারের চেষ্টা করছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসএএ/এইচএ/২১১৯ ঘ.
bdnews24