নরসিংদী, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন।
বৃহস্পতিবার দুপুর সোয়া ৩টার দিকে উপজেলার সৃষ্টিগড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী চলনবিল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত মুখী ট্রাকের সংঘর্ষ হয়।
শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- শংকর ভৌমিক (৪৫), আব্দুল লতিফ বাবু (১৮) ও ডা. মিলিয়া রহমান (২৫)।
আহতদের মধ্যে রফিকুল ইসলাম (৩৫), নুরুউদ্দিন (৩৭), লোকনাথ (২০) ও মাসুদকে (২১) সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এসআই জানান, আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ বাস ও ট্রাকটি আটক করেছে। এব্যাপারে শিবপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এসএএ/এমএসবি/২১১০ ঘ.
bdnews24