২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর আরো ১৩ হাজার নতুন পুলিশ: টুকু

আগামী ডিসেম্বরের মধ্যে পুলিশের আরো ১৩ হাজার সদস্য নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 02:29 PM

Updated : 25 Aug 2022, 12:19 PM

নওগাঁ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ডিসেম্বরের মধ্যে পুলিশের আরো ১৩ হাজার সদস্য নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। বৃহষ্পতিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি বলেন, আগামী পাঁচ বছরে পুলিশের সদস্য সংখ্যা ৩২ হাজার বাড়ানো হবে। বর্তমানে বাংলাদেশে এক লাখ ২৪ হাজার পুলিশ রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, "সরকার গত ১৫ মাসে পুলিশের রেশনিংয়ে সমতা এনেছে। পুলিশের স্থায়ী আবাসের জন্য পাঁচশ' কোটি টাকা ব্যয়ে ১৭শ' বাড়ি করা হবে। এটি এখন একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।" প্রতিটি থানায় অত্যাধুনিক পিক-আপ ভ্যান ও দুইটি করে মোটরসাইকেল দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, প্রত্যেক থানায় দুই জন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) থাকবে। সেক্ষেত্রে অপেক্ষাকৃত জ্যেষ্ঠ ওসি আইন-শৃঙ্খলার বিষয়টি দেখবেন এবং অপরজন মামলার তদন্ত সম্পর্কিত দায়িত্ব পালন করবেন। টুকু বলেন, "আমরা প্রধানমন্ত্রীকে বুঝিয়েছি। থানার ওসিদের পদ মর্যাদা প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হবে।" নওগাঁর আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, জেএমবি'র জন্মস্থান এই নওগাঁ। এদের বীজ এখনো থেকে যেতে পারে। তাই সজাগ দৃষ্টি রাখতে হবে। জেলা প্রশাসক ড. মোছাম্মাৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- শ্রম মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম, সাংসদ মো. শদিুজ্জামান সরকার বাবলু, শ্রী সাধন চন্দ্র মজুমদার, ৪৩ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. ফজলুল হক, র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ময়েন উদ্দিন মাহমুদ চৌধুরী, নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহজাহান আলী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২০১৯ ঘ.