ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উটের জকি হিসাবে ব্যবহৃত ৮৬০জন বাংলাদেশী শিশুকে ক্ষতিপূরণ দিয়েছে আরব আমিরাত সরকার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আরব আমিরাত সরকার সে দেশে উটের জকি হিসাবে ব্যবহৃত প্রতিটি বাংলাদেশী শিশুকে ১ হাজার থেকে ১০ হাজার ইউএস ডলার প্রদান করে আসছে। ক্ষতিগ্রস্ত হিসাবে তালিকাভূক্ত ৮৭৯ জন শিশুর মধ্যে ইতোমধ্যেই ৮৬০জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বাকীদেরকেও শিগগিরই ক্ষতিপূরণ দেওয়া হবে।
বৃহস্পতিবার সকালে লে. কর্নেল ইব্রাহীম আল মারজুকির নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের তিন সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের সাথে তার কার্যালয়ে দেখা করেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী উটের জকি হিসাবে ব্যবহৃত শিশুদের ক্ষতিপূরণ দেয়ায় আমিরাত সরকারকে ধন্যবাদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৪২ ঘ.
bdnews24