ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম) এর উপস্থিতিতে রাজউকের 'ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ)' বিষয়ে পূর্ত মন্ত্রণালয়ের কোনো মতবিনিময় সভায় উপস্থিত না থাকার ঘোষণা দিয়েছেন ড্যাপ রিভিউ কমিটির আহ্বায়কসহ ছয় সদস্য।
কমিটির এই ছয় সদস্য বৃহস্পতিবার পূর্ত প্রতিমন্ত্রী বরাবর ফ্যাক্সযোগে পাঠানো এক চিঠিতে এ কথা জানান।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার শওকত হোসেন ওই চিঠি পাওয়ার কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ধরনের একটি চিঠি তারা মন্ত্রণালয়ে পাঠাবেন এটা আমি আগেই জানতাম। মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।"
গত ১৩ জুন 'ড্যাপ' বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভায় বাংলাদেশ ভূমি উন্নয়ন সমিতির (বিএলডিএ) সভাপতি আহমেদ আকবর সোবহানসহ (শাহ আলম) আবাসন ব্যবসায়ীরা ড্যাপ রিভিউ কমিটির দেওয়া প্রতিবেদনের কড়া সমালোচনা করে তা মানবেন না বলে জানান।
ওই সভায় শাহ আলম মন্ত্রীকে রীতিমতো ধমক দেওয়ার খবর সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচার পায়। একই সভায় তিনি বিশেষজ্ঞ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকেও বাক্যবানে জর্জরিত করেন।
রাজধানীর উন্নয়নে 'ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ)' নামে একটি মহাপরিকল্পনা প্রণয়নে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি কাজ করেছিল।
ওই কমিটির প্রতিবেদনে ঢাকার বিশাল এলাকাকে (প্রায় ২১ শতাংশ) জলাধার হিসেবে রেখে উন্নয়নের কথা বলা হয়েছে।
পূর্ত প্রতিমন্ত্রী বরাবর পাঠানো ওই চিঠিতে দেখা যায়, এতে রিভিউ কমিটির আহ্বায়ক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এবং সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক সরওয়ার জাহান, স্থপতি ইকবাল হাবিব, সৈয়দা রিজওয়ানা হাসান এবং অধ্যাপক নূরুল ইসলাম নাজেমের স্বাক্ষর রয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের বরাবরে পাঠানো ওই চিঠিতে বলা হয়, "১৩ জুন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন 'প্রিপারেশন অব ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ডিএপি) ফর ঢাকা (ডিএমডিপি)' শীর্ষক প্রকল্পের আওতাধীন ড্যাপ নকশা ও প্রতিবেদনের ওপর যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, তাতে বিএলডিএ সভাপতি আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের ঔদ্ধত্যপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত আচরণ আমাদেরকে বিস্মিত ও মর্মাহত করেছে।"
এতে আরো বলা হয়, এই 'অশালীন' আচরণের মাধ্যমে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি আনুষ্ঠানিক সভায় সরকারের একটি প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। সেইসঙ্গে ওই সভায় উপস্থিত রিভিউ কমিটির আহ্বায়কসহ সব সদস্যের পেশাগত যোগ্যতা ও সততার প্রতি 'অন্যায়, অযৌক্তিক, কুরুচিপূর্ণ ও অমার্জনীয়' আচরণ করা হয়েছে।
ভবিষ্যতে উল্লেখিত ব্যক্তির উপস্থিতিতে কোনো সভা বা মতবিনিময়ে এই রিভিউ কমিটির কোনো সদস্য অংশগ্রহণ করবেন না বলে জানানো হয় ওই চিঠিতে।
পূর্ত সচিব খোন্দকার শওকত হোসেন বলেন, "রিভিউ কমিটিতে যারা রয়েছেন, তারা সবাই সমাজের গণ্যমান্য ব্যক্তি। মন্ত্রণালয় কোনো অবস্থাতেই তাদের মতামত উপেক্ষা করবে না।"
ড্যাপের নকশা ও প্রতিবেদন পর্যালোচনায় পরবর্তী সভার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে পূর্ত সচিব বলেন, শিগগিরই সবার সঙ্গে আলোচনা করে এব্যাপারে দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এইচএ/১৯২১ ঘ.
bdnews24