ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উন্নয়ন কর্মকাণ্ডে জাতীয় পার্টিও (জাপা) সাংসদদের সম্পৃক্ত করা হচ্ছে না অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক দলটির সংসদ সদস্য মজিবুর রহমান।
লালমনিরহাট-২ আসনের জাপার এই সাংসদ বলেন, "আমরা ভেবেছিলাম মহাজোট মানে মহাশক্তি। আমরা ভেবেছিলাম- এক সঙ্গে কাজ করে দেশের উন্নয়ন করবো। কিন্তু, নির্বাচনের পর আওয়ামী লীগের ভাইয়েরা আমাদের আলাদা করে রাখতে চাইছেন।"
বৃহস্পতিবারের সংসদ অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মজিবুর রহমান এ কথা বলেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, "আমরা কী যুদ্ধ করতে এসেছি? আমরা যুদ্ধ করতে আসিনি। দেশ গড়তে এসেছি। আমি একা না, আমার মতো অনেকে আছেন।
"আমি প্রধানমন্ত্রীকে বলবো মাঝে মাঝে আমাদের ডাকেন। আমাদের (জাপা) ২৯ জনকে ডাকেন। আমাদের চা খাওয়ান। পয়সা বেশি খরচ হলে আমরা চায়ের দাম দিয়ে দেবো। আমাদের ডিফারেন্স করবেন না। আমাদের ডিফারেন্স করলে ভুল হবে।"
এছাড়া বাজেট আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সাংসদ জুনায়েদ আহমেদ প্রত্যেক বিদ্যালয়ে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিনামূল্যে দেওয়া এবং শিক্ষকদের জন্য পৃথক বেতন স্কেল করার দাবি জানান।
আলোচনায় আরো অংশ নেন, তালুকদার মোহাম্মদ ইউনুস, মঞ্জুর কাদের কোরেশী, মহিবুর রহমান মানিক, মোহাম্মদ জিয়াউর রহমান, মনিরুল ইসলাম ও ওমর ফারুক চৌধুরী।
গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে আগামী অর্থবছরের বাজেট (২০১০-১১) প্রস্তাব করেন। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের বাজেট কার্যকর হবে।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/এমএসবি/১৮৫৮ ঘ.
bdnews24