রাজশাহী, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে যুবদল ও যুবলীগ কর্মসূচি দেওয়ায় রাজশাহীর পুঠিয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনোয়ার হোসেন শিবপুর কলেজ মাঠে বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করেন।
এ আদেশের কথা জানিয়ে দুপুরে প্রশাসন থেকে মাইকিং করা হয়।
পুঠিয়া থানার ওসি জিয়াউর রহমান জানান, বুধবার বিকাল ৪টায় শিবপুর কলেজ মাঠে যুবদল কর্মী সম্মেলন আহ্বান করে। একই সময়ে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে সেখানে যুবলীগও সমাবেশ ডাকে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোনো পক্ষই কর্মসূচি পালন করতে পারেনি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২২২১ ঘ.
bdnews24