২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল মেনে নেব: মনজুর

চট্টগ্রাম নগর সংস্থার নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে ফলাফল যাই হোক তা মেনে নিতে প্রস্তুত বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন প্রদীপ চৌধুরী ও আল আমীন দেওয়ান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 02:11 PM

Updated : 25 Aug 2022, 12:16 PM

প্রদীপ চৌধুরী ও আল আমীন দেওয়ান চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে ফলাফল যাই হোক তা মেনে নেবেন বলে জানিয়েছেন উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী এম মনজুর আলম। বুুধবার বিকালে নগরীর কাট্টলীতে নিজ বাসভবনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি একথা বলেন। চট্টগ্রাম সিটি নির্বাচনে মনজুর আলমের প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার নির্বাচনের ভোটগ্রহণ হবে। মনজুর বলেন, "জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও সন্ত্রাসমুক্ত নির্বাচন হলে ফলাফল যাই হোক না কেন আমি তা মেনে নেব। "যদি সুষ্ঠু নির্বাচন না করে জনগণের রায় পরিবর্তনের চেষ্টা করা হয়, তাহলে তা কেউই মানবে না। আমিও তা মেনে নেবো না।" অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহবান জানান তিনি। মনজুর অভিযোগ করেন, "গত কয়েকদিনের নির্বাচনী প্রচারণায় পর্যবেক্ষক, সাংবাদিক এবং স্থানীয় জনতা আমার প্রতি গণজোয়ার লক্ষ্য করেছে। সে কারণেই নির্বাচন কমিশন ও প্রশাসন নানা অপতৎপরতা চালাচ্ছে।" তিনি দাবি করেন, লোকমুখে তিনি শুনেছেন নির্বাচনের ফলাফল বদলে দেওয়ার 'পরিকল্পনা' চলছে। সরকার ও নির্বাচন কমিশনের 'আচরণ' দেখে তেমনটাই মনে করছেন তিনি। নির্বাচন অনুষ্ঠানের একদিন আগে দীর্ঘ ১৪ দিনের বিরামহীন নির্বাচনী প্রচারণা শেষে বুধবার সারাদিন পত্র-পত্রিকা পড়ে ও শুভাকাঙ্খীদের সঙ্গে কুশল বিনিময় করে সময় কাটান মনজুর আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএডি/আরএ/এসএএ/এমএসবি/এইচএ/১৯৫২ ঘ.