২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষানীতি বাস্তবায়ন আটকে থাকবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে অর্থের ভূমিকা প্রসঙ্গে বলেছেন, "শিক্ষানীতি বাস্তবায়নে অনেক অর্থের প্রয়োজন রয়েছে। কিন্তু অর্থের অভাবে শিক্ষানীতি বাস্তবায়ন আটকে থাকবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 01:35 PM

Updated : 25 Aug 2022, 12:16 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে অর্থের ভূমিকা প্রসঙ্গে বলেছেন, "শিক্ষানীতি বাস্তবায়নে অনেক অর্থের প্রয়োজন রয়েছে। কিন্তু অর্থের অভাবে শিক্ষানীতি বাস্তবায়ন আটকে থাকবে না।" বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে 'জাতীয় শিক্ষানীতি ২০১০: বাস্তবায়ন কৌশল' শীর্ষক এক সেমিনারে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে নাহিদ আরো বলেছেন, শিক্ষানীতির বাস্তবায়ন একটি চলমান প্রক্রিয়া। এতে কোন বিষয় তাৎক্ষনিকভাবে এবং কোন বিষয় দেরীতে করলেও চলবে এমন প্রয়োজনীয়তা রয়েছে। পর্যায়ক্রমে সকল বিষয়ই বাস্তবায়ন করা হবে। এতে অর্থ বাধা হয়ে দাঁড়াবে না। তিনি বলেন, "আমরা শিক্ষানীতি বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যেই রয়েছি। এর ফলে পঞ্চম শ্রেনী ও অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। স্কুলগুলোতে বিনামূল্যে বই বিতরণ এবং বছরের শুরুতেই ক্লাশ শুরু করার উদ্যোগও এ নীতির চলমান অবস্থাকেই প্রমাণ করে।" এটি পূর্ণাঙ্গ বাস্তবায়নের সফলতার জন্য শিক্ষানীতি বাস্তবায়ন কমিটি, আলাদা আইন ও শিক্ষা কমিশন গঠনেরও প্রয়োজন রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, অচিরেই এসব বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি সকলকে এ নীতির বাস্তবায়ন ও প্রয়োগে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশের স্বাক্ষর জনগণের দুই-তৃতীয়াংশ নারী। নারীদের স্বাক্ষরতা, স্বনির্ভরতা, তাদের উন্নতির জন্যেও শিক্ষানীতি বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, প্রথম শ্রেণী পেলেই সে শিক্ষিত হয়েছে এমন নয় বরং মানবিক চেতনা সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে যাতে শিক্ষার সত্যিকারের অর্থ ফুটে উঠে। শিক্ষানীতির বাস্তবায়নে তিনি অষ্টম শ্রেনী পর্যন্ত শিক্ষা পাঠ্যক্রম নির্ধারণের পরামর্শ দেন। এরপর কারিগরী বা কাঠামোগত বিষয়ে গুরুত্ব দেয়ার পরামর্ম দেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক সিদ্দিকুর রহমান। অধ্যাপক সিদ্দিকুর রহমান তার প্রবন্ধে সাতটি ক্ষেত্রে শিক্ষানীতি বাস্তবায়ন কৌশলের সুপারিশ করেন। এর মধ্যে রয়েছে প্রাক-প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, বৃত্তিমূলক ও কারিগরী শিক্ষা, শিক্ষক নির্বাচন ও শিক্ষক শিক্ষা, স্বাস্থ্য ও শিক্ষা এবং শিক্ষা আইন। প্রাক-প্রাথমিক শিক্ষার কেন্দ্র পরিচালনার দায়িত্ব থাকবে ইউনিয়ন পরিষদ গঠিত শিক্ষা কমিটির কাছে, কেন্দ্রীয় সরকারের দায়িত্বে থাকবে শিক্ষা সংশ্লিষ্ট সকল কিছু সরবরাহ করা এবং ইউনিয়ন পরিষদকে আর্থিক বরাদ্দ দেয়া। প্রাথমিক শিক্ষায় শিক্ষকদের পদোন্নতির সুযোগ সৃষ্টি এবং উপজেলা, জেলা ও বিভাগসহ মাঠ পর্যায়ে কর্মরত প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পদ উন্নীত করা। অধ্যাপক সিদ্দিকুর রহমান আরো সুপারিশ করেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ে বিজ্ঞান শিক্ষার্থীর অনুপাত বৃদ্ধি করা, পাবলিক পরীক্ষায় বিজ্ঞান বিষয়ের ব্যবহারিক অংশের ফলপ্রসুভাবে শিক্ষাদান এবং মূল্যায়নের ব্যবস্থা, পল্লী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষকপ্রাপ্তি নিশ্চিত করা এবং সরকারি- বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সঠিক মানের ডিগ্রি নিশ্চিত করা। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক সালমা আখতার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৯৩৩ ঘ.