২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় দু'জনের মৃত্যুদণ্ড

হত্যা মামলায় দুই তরুণের মৃত্যুদণ্ড ও দুই নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 12:17 PM

বাগেরহাট, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় দুই তরুণের মৃত্যুদণ্ড ও দুই নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বাগেরহাটের একটি আদালত। দণ্ডিত প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা দিতে হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে আরো এক বছর করে কারাভোগ করতে হবে। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। এ সময় যাবজ্জীবন দণ্ডিত দু'জন ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় গ্রামের সরোয়ার তালুকদার (৩২) ও খুলনার পাইকগাছা উপজেলার বাঁকা গ্রামের সাত্তার গোলদার (৩৫)। যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত সরোয়ারের স্ত্রী হীরা বেগম (২২) এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার রামভদ্রপুর গ্রামের লাকি বেগম ওরফে মনিকা (২৫)। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় রোজিনা বেগম (২৪), শেখ আব্দুর রাজ্জাক (৫০) ও ফুজরত আলী ইমনকে (৩৩) বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, বাগেরহাটের রামপাল উপজেলার ধলধা গ্রামের মো. দেলোয়ার হোসেন মোড়ল (২৭) ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ২০০৮ সালের ২১ আগস্ট দুপুরে হীরা বেগম ও মনিকা রামপালের ফয়লা বাসস্ট্যাণ্ড থেকে খুলনা যাওয়ার কথা বলে দেলোয়ারকে মোটরসাইকেলসহ ভাড়া করে। পথে খুলনার গল্লামারী এলাকায় মনিকার ভাড়া বাসায় নিয়ে আসামিরা তাকে হত্যা করে। ২৫ আগস্ট নিহতের বড়ভাই মো. এসকেন্দার আলী মোড়ল রামপাল থানায় হীরা বেগম ও সরোয়ার তালুকদারকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০০৯ সালের ২৮ মার্চ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সীতা রাণী দেবনাথ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট অরবিন্দু সাহা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫১ ঘ.