২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা: পলাতকদের ফিরিয়ে আনায় অগ্রগতি দাবি মন্ত্রীর

বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলার ছয় আসামীকে আগামী ১৫ আগস্টের আগেই দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 12:50 PM

Updated : 25 Aug 2022, 12:17 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু হত্যা মামলার ছয় আসামীকে আগামী ১৫ আগস্টের আগেই দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বুধবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে পলাতক এসব আসামীকে ফিরিয়ে আনতে গঠিত টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা জানান। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব এবং অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলায় বিদেশে পালিয়ে থাকা আসামীদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রগতি হয়েছে। কোন আসামী কোন দেশে আছে তা সনাক্ত করা হয়েছে।" আসামীরা যাতে অন্য কোনো দেশে চলে যেতে না পারে সেজন্য তাদের অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। রাষ্ট্রীয়ভাবে আগামী ১৫ আগস্টের আগেই পলাতক এসব আসামীকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে ইন্টারপোল সহযোগিতা করছে বলেও জানান শফিক আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/এইচএ/১৮৩০ ঘ.