চাঁদপুর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক চার ঘন্টা অবরোধ করেছে জনতা।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দিকে হাজীগঞ্জ উপজেলার বাকিলায় মহাসড়কটি অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। তারা ওই এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবি জানায়।
তবে পল্লী বিদ্যুৎ সমিতি চাঁদপুর জোনাল অফিসের ডিজিএম গাজী শাহাদাত হোসেন বলেন, "দৈনিক ৫০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুত চাহিদার বিপরীতে গড়ে মাত্র ১২ থেকে ১৪ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। যার কারণে লোডশেডিংয়ের পরিমাণ বেড়েছে।"
তিনি জানান, জেলায় পল্লী বিদ্যুতের ২ লাখেরও বেশি গ্রাহক রয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত কচুয়া উপজেলার জগতপুরেও ওই মহাসড়কে গাড়ির টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ করে রাখে স্থানীয়রা।
অবরোধে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পরে যাত্রীরা।
হাজীগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাকিলায় অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কচুয়া উপজেলার জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন জানান, বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও সড়কে গাছ ফেলে বিক্ষুব্ধ লোকজন চার ঘন্টা উপজেলার জগতপুর এলাকায় মহাসড়কটি অবরোধ করে রাখে।
কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে সদর উপজেলার ষোলঘর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসে বিক্ষুব্ধ লোকজন দুই দফা হামলা চালিয়ে দরজা-জানালা ভাংচুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৫৩৪ঘ.
bdnews24