গাজীপুর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে যাত্রীবাহী বাস চাপায় এক যুবক নিহত হয়েছে।
গাজীপুর সদরের মালেকবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক মো. আলম (২১) সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় একটি মুদীর দোকানে কাজ করতো। সে কিশোরগঞ্জের চিকনীর চর গ্রামের আক্কাস আলীর ছেলে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে কর্মস্থল থেকে ছয়দানা এলাকায় নিজের বাসায় ফিরছিলেন আলম। রাস্তা পারাপারের সময় মালেকবাড়িতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই সে মারা যায়।
আবেদনের প্রেক্ষিতে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১২১৯ ঘ.
bdnews24