২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পুলিশের বিরুদ্ধে মামলা

হামলা, চুরি ও লুটপাটের অভিযোগে সিলেট মহানগর পুলিশের এক উপ-কমিশনারসহ দেড়শ' সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 06:30 PM

Updated : 25 Aug 2022, 12:11 PM

সিলেট, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হামলা, চুরি ও লুটপাটের অভিযোগে সিলেট মহানগর পুলিশের এক উপ-কমিশনারসহ দেড়শ' সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. আমির উদ্দিনের আদালতে মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আশিক আহমদ। মঙ্গলবার আদালত বিষয়টি তদন্ত করে ২৯ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন কোতোয়ালি পুলিশকে। আসামিদের মধ্যে রয়েছেন- সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার আহসান হাবিব পলাশ ও সহকারী পুলিশ কমিশনার নুরুল আমীন। এছাড়া অজ্ঞাত আরো ১৫০ পুলিশ সদস্যকে আসামি করা হয়। মামলার নথি থেকে জানা যায়, গত ৮জুন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের বাইরে বিনা উষ্কানিতে পুলিশ ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা করে। তারা প্রাণনাশের উদ্দেশ্যে দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল ইসলামসহ উপস্থিত নেতাকর্মীদের মারাত্মক জখম করে। এতে ছাত্রলীগের জাকির হোসেন, মামুনুর রশিদ, তাহের আহমেদ, সায়েদুল হক হায়দার, শহিদুল ইসলাম বাবর, মইনুদ্দিনসহ ১০/১২ জন মারাত্মক আহত হয়। এ সময় পুলিশ সদস্যরা লুটপাট চালিয়ে নগদ ৬ হাজার ৫শ' টাকা ও ৮টি মোবাইল ফোন সেট লুট করে। মামলার বাদী আশিক আহমেদ জানান, পুলিশ ছাত্রলীগ নেতাদের ধরে নিয়ে ছাত্রদল উল্লেখ করে মামলা করায় তাদের আচরণে সন্দেহ হয়েছে। তাই সরকারকে বিষয়টি জানান দিতে এ মামলা করা হয়েছে। এদিকে এ মামলায় অভিযুক্ত উপ-পুলিশ কমিশনার আহসান হাবিব জানান, এখানো কোনো ষড়ষন্ত্র বা উদ্দেশ্য প্রণোদিত হয়ে পুলিশ কিছু করেনি। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছাত্রলীগের বিবদমান দু'গ্র"পকে লাঠিপেটা করেছে। কোতয়ালী থানার উপ-পরিদর্শক নারায়ণ দত্ত জানান, এখনো আদালতের আদেশ থানায় পৌঁছায়নি। আদালতের আদেশ পেলে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। গত ৮ই জুন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। এরপর পুলিশ বাদী হয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেও একটি মামলা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৯ ঘ.