ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরা ষড়যন্ত্রের ঘটনায় রাষ্ট্রদ্রোহের মামলায় ১৩ জন সরকারি কর্মকর্তার আগাম জামিনের হাইকোর্টের আদেশ স্থগিত করেনি আপিল বিভাগ।
আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা মঙ্গলবার ১৩ জন সরকারী কর্মকর্তার জামিন স্থগিতের সরকারের আবেদনের ওপর শুনানি গ্রহণ করে কোনো আদেশ দেননি।
সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ১৩ কর্মকর্তার পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক উল হক।
গত ১০ জুন হাইকোর্ট এই ১৩ সরকারী কর্মকর্তাকে চার মাসের আগাম অন্তবর্তীকালীন জামিন দিয়েছিল।
১৩ জনের মধ্যে ১১ জন বর্তমান ও ২ জন সাবেক সরকারি কর্মকর্তা।
গত ৭ জুন বিমান বন্দর থানায় মাহমুদুর রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
২০০৬ সালের ২৪ নভেম্বর উত্তরায় মাহমুদুর রহমানের বাসায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক হয়। বৈঠকটি ষড়যন্ত্রমূলক বর্ণনা করে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়।
এই বৈঠকের মাধ্যমে তারা পরবর্তী সংসদ নির্বাচন ও সরকার নিয়ে ষড়যন্ত্র করছিলেন বলে মামলায় বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭২৪ঘ.
bdnews24