ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে পুলিশ সদস্যদের জাল ভোট দিতে বাধ্য করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতা এম কে আনোয়ার।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের সমর্থক হিসেবে তিনি এ উদ্বেগের কথা জানান।
১৭ জুন অনুষ্ঠেয় সিসিসি নির্বাচনে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর আলমকে সমর্থন দিয়েছে বিএনপি।
তবে বিএনপি নেতার এ আশঙ্কার জবাবে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানান, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে সব ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।
এম কে আনোয়ার সাংবাদিকদের জানান, সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের সংশয় রয়েছে।
তিনি বলেন, "পুলিশবাহিনী জাল ভোট দেবে বলে আমরা আশঙ্কা করছি না; কিন্তু মনে হচ্ছে সরকারের চাপে পড়ে তারা এ কাজে বাধ্য হবে। সরকার নির্বাচনের ফলাফল তাদের পক্ষে নিতে পুলিশকে ব্যবহার করবে বলে আশঙ্কা করছি।"
তবে নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের ব্যপারে সন্তোষ প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে সেনা টহল আরো বাড়ানোরও দাবি জানান এম কে আনোয়ার।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, "নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্দেশনা অনুযায়ী টহল দিচ্ছে।"
তিনি আরও বলেন, "কারো আশঙ্কা নিয়ে ইসির দুশ্চিন্তা নেই। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে বলেই আশা করছি।"
নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও অপর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাতের সময় এম কে আনোয়ারের সঙ্গে আব্দুল মঈন খান ও মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিসি/ কেএমএস/১৬০২ ঘ.
bdnews24