চাঁদপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে আটক, মারধর ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনম এহছানুল হক মিলনের বিরুদ্ধে সোমবার আরো একটি মামলা হয়েছে।
কচুয়া উপজেলার তালতলী গ্রামের জাহাঙ্গীর আলম কচুয়া থানায় এই মামলাটি দায়ের করেন।
এ নিয়ে মিলনের বিরুদ্ধে চাঁদপুরের বিভিন্ন থানা ও আদালতে ১১টি মামলা দায়ের হলো।
মামলায় দলের আরো সাত নেতাকর্মীকেও আসামি করা হয়েছে।
এরা হলেন- যুবদল নেতা করইশ গ্রামের হেলাল, মাহবুব, মনির প্রধান, গোবিন্দপুর গ্রামের আনোয়ার হোসেন ওরফে কালা আনোয়ার, সাতবাড়ীয়া গ্রামের ফয়েজ আহম্মেদ ও পনশাহী গ্রামের মামুন হোসেন।
মামলার বরাত দিয়ে কচুয়া থানার উপ-পরিদর্শক মো. হারুনুর রশিদ জানান, ২০০৩ সালের ২৬ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে আসামিরা উপজেলার নলুয়া রোডের মাথায় তালতলী গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের কাছে চাঁদা দাবি করে। এরপর জাহাঙ্গীর আলমকে তুলে নিয়ে শ্রীরামপুর গ্রামে আটকে রেখে মারধর করে।
মিলনের বিরুদ্ধে হওয়া ১১টি মামলার মধ্যে আটটিতে তিনি জামিনে রয়েছেন বলে তার আইনজীবী কামরুল ইসলাম জানান।
মিলন এখন কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৫ ঘ.
bdnews24