ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ফুটবলের ম্যাচ চলার সময় রাত এগারোটা পর্যন্ত প্রধানমন্ত্রীর আহ্বান অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
এছাড়া খেলা চলার সময় লোডশেডিং এর কারণে রাস্তা অবরোধ, যানবাহন ভাঙচুর করে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পুলিশের পক্ষ থেকে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে না পেরে রাস্তা অবরোধ, বেরিকেড দেওয়া, যানবাহন ভাঙচুর ও অরাজকতা সৃষ্টি করা ফৌজদারি অপরাধ। ইতোপূর্বে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ চলার সময় ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা ও কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
ভবিষ্যতে এ ধরনের অপরাধের ক্ষেত্রে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২০৪১ ঘ.
bdnews24