রংপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ কৃষি ইন্সটিটিউট এন্ড টেকনিক্যাল কলেজের অকৃতকার্য শিক্ষার্থীরা সোমবার ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর করেছে।
কলেজের প্রথম সেমিস্টার পরীক্ষায় ফেল করা ৬০ জন শিক্ষার্থী তাদের পাশ করিয়ে দিতে কলেজ কর্তৃৃপক্ষকে চাপ দেয়। কিন্তু কর্তৃপক্ষ রাজি না হওয়ায় তারা ভাংচুর করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করে তাদের পাশ করিয়ে দেওয়ার দাবি জানায়। কিন্তু কর্তৃপক্ষ দাবি না মানায় তারা কম্পিউটার রুম, অধ্যক্ষের কার্যালয় ও শ্রেণীকক্ষে ব্যাপক ভাংচুর করে।
পরে কাউনিয়া থানা ও দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাউনিয়া উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনসহ উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
অধ্যক্ষ মাহফুজা বেগম বলেন, পরীক্ষায় ফেল করলে পাশ করিয়ে দেওয়া হবে না- এটা তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে।
কাউনিয়া থানার ওসি রেজাউল ইসলাম বসুনিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ফেল করা ছাত্ররা ব্যাপক ভাংচুর চালিয়েছে। এ ব্যাপারে কলেজ কতৃপক্ষ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১২ ঘ.
bdnews24