ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের আলফাডাঙ্গায় রোববার গভীর রাতে তিন বাড়িতে ডাকাতি করার পরে আরেক বাড়িতে বাধা পেয়ে একজনকে খুন করে পালিয়ে যায় ডাকাতরা।
সিরাজগঞ্জের রায়গঞ্জে ডাকাতি হয়েছে তিন বাড়িতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফরিদপুর প্রতিনিধি জানান, আলফাডাঙ্গা উপজেলার বাকাইল গ্রামে ডাকাতের গুলিতে নিহত ব্যক্তির নাম- ফিরোজ শেখ (২৫)।
আলফাডাঙ্গা থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল চরনোয়াপাড়া গ্রামের সরোয়ার জাহান, আব্দুল হক ও আব্দুস সালামের বাড়িতে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
পরে রাত সোয়া ২টার দিকে ডাকাত দল পার্শ্ববর্তী বাকাইল গ্রামে আতিয়ার শেখের বাড়িতে পুলিশ পরিচয়ে দরজা খুলতে বলে। দরজা খুলতে দেরি হলে ডাকাতরা ঘরের দরজা ভেঙে ফেলে।
এ সময় ডাকাতদের সঙ্গে আতিয়ার শেখের ছেলে ফিরোজের হাতাহাতি হয়। এক পর্যায়ে ডাকাতরা গুলি করলে তা ফিরোজের তলপেটে লাগে। এরপর ডাকাতরা পালিয়ে যায়।
ফিরোজকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা সিরাজুল জানান, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা, কুড়াল ও শাবল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
ব্যবসায়ী ফিরোজ হত্যাকাণ্ডের প্রতিবাদে আলফাডাঙ্গা বাজারে সোমবার দুপুর ২টা পর্যন্ত সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তিনটি বাড়িতে ডাকাতি হয়।
উপজেলার গোদগাতি গ্রামে রাত ১টার দিকে অস্ত্রের মুখে এনামুল হকের বাড়ির সবাইকে জিম্মি করে প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায় ১০/১২ জনের সশস্ত্র একটি ডাকাত দল।
রাত ২টার দিকে একই উপজেলার পাঙ্গাসী বাজারে অর্জুন শীল ও সুশীল শীলের বাড়িতে হানা দেয় ১০/২০ জনের একটি সশস্ত্র ডাকাতদল। তারা বাড়ির মালিককে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও গহনাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি মো. সামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতির ঘটনা শুনেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।
এ ঘটনার পর সোমবার সকালে পাঙ্গাসী বাজারের সব ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮৩২ ঘ.
bdnews24