নারায়ণগঞ্জ, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) একটি পোশাক কারখানায় আগুন লেগে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেডের ইয়াদ মা নিটিং অ্যান্ড ডায়িং কারখানার একটি বন্ধ গুদামে আগুন লাগে দমকল ও পুলিশ কর্মকর্তারা জানান।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আহসানুল কবির সাংবাদিকদের জানান, প্রচন্ড গরমের কারণে পোশাক কারখানাটির রাসায়নিক দ্রব্যের এই গুদামে থাকা দাহ্য পদার্থ থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে।
তিনি জানান, খবর পেয়ে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ ও ঢাকার ডেমরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। দমকল কর্মীরা দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল কর্মকর্তা বলেন, আগুনে প্রায় ৮/১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম জানান, কারখানার একটি বন্ধ গুদাম থেকে আকস্মিকভাবে ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
আগুনের লেলিহান শিখা ৪০/৫০ ফুট উপরে উঠে যায়। এসময় ইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৪ ঘ.
bdnews24