২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বিদ্যুৎ খাতে সফল হতে পারেনি: পররাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পেলেও বিদ্যুৎ খাতে সফল হতে পারেনি বলে স্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 11:47 AM

Updated : 25 Aug 2022, 12:02 PM

চাঁদপুর, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে সাফল্য পেলেও বিদ্যুৎ খাতে সফল হতে পারেনি বলে স্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। তিনি শুক্রবার বেলা ১২টায় চাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ও দরিদ্র মা'র জন্য মাতৃত্বকালীন ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা স্বীকার করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সরকারের সময় দেশে বড় বড় খাতে সফলতা এসেছে। কিন্তু একটি খাতে এখনো সফলতা আসেনি। আর তা হচ্ছে বিদ্যুৎ। এই প্রচন্ড গরমে বিদ্যুৎ সমস্যার কারণে লোকজনকে প্রচুর কষ্ট পেতে হচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনি আরো বলেন, "প্রয়োজনের সাথে সাথে চাহিদা পুরণ করতে হয়। কিন্তু গত ৭ বছরে দেশে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন হয়নি। এক মেগাওয়াট বিদ্যুতও বাড়েনি। এখন বর্তমান সরকারকে বিদ্যুতের বড় ধরনের ঘাটতির সম্মুখীন হতে হচ্ছে। সরকার নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ শুরু করেছে। নতুন কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন হতে ৬ মাস বা ১ বছর সময় লাগবে।" পররাষ্ট্রমন্ত্রী বলেন, "বিগত বিএনপি তথা চারদলীয় জোট সরকারের সময় বিদ্যুৎ খাতে ২০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। কেউ কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। বিএনপি-জামায়াত সরকার, তত্ত্বাবধায়ক সরকার বিদ্যুৎ উৎপাদনে কাজ করলে বর্তমান সরকারকে এত বেশি সমস্যায় পড়তে হতো না।" তিনি বলেন, রংপুরের রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে সরকার রাশিয়ার সাথে কাজ করছে। তিনি অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, বাঙালির ইতিহাসের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। নিজের জীবনকে বাজি রেখে যারা যুদ্ধে অংশ নিয়েছেন তাদের ত্যাগের কারণে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৭৫ সাল পরবর্তী বিভিন্ন সরকারের সময় মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে। বিগত সরকার মুক্তিযোদ্ধা বিরোধীদের রাষ্ট্রীয় মর্যাদায় আসীন করেছে। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের যে পরিমাণ ভাতা প্রদান করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ঠ নয়। নানা সীমাবদ্ধতার কারণে মুক্তিযোদ্ধাদের সঠিকভাবে সম্মানীত করা যাচ্ছে না। মন্ত্রী সংসদে উত্থাপিত বাজেট সম্পর্কে বলেন, বর্তমান সরকার এবারের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। এই খাতে ৩০ হাজার ৯ শ' ৫৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা পুরো বাজেটের ২৩ দশমিক ৫ ভাগ। এবার মোট বাজেটের পরিমাণ হচ্ছে ১ লাখ ৩২ হাজার কোটি টাকা। চাঁদপুরের জেলা প্রশাসক প্রিয়তোষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুনিরা চৌধুরী, মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান, দুস্থ নারী রেশমা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর শাহীন খান। অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলার ১৪৬ জন মুক্তিযোদ্ধার প্রতিজনকে দেড় হাজার টাকা এবং ২৩৮ জন দুস্থ নারীর প্রত্যেককে প্রথম ৬ মাসের জন্য এককালীন ২ হাজার ১শ' টাকা করে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। এরপর পররাষ্ট্রমন্ত্রী সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ ও আশিকাটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুপুর ২ টায় জেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরে চাঁদপুর সার্কিট হাউসে বাবুরহাট কলেজ পরিচালনা কমিটির সভা, একই স্থানে বাঙালি সংস্কৃতি মঞ্চ চাঁদপুর জেলা শাখার প্রতিনিধির সাথে মতবিনিময় করেন। বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বালুর মাঠে সমন্বিত কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭২৭ ঘ.