মেহেরপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলার নূরপুর গ্রামে এই সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে জাহাঙ্গীর (৪৫), আব্বাস (৪৮), ফেরদৌস (৪৫), সাহাবুদ্দিন (৪১), ফজলু (৪৭), তাইজেল (৪৫), খবির (৪৩), আজিবুর (৩৬), নবাব (৩৫), জব্বারুল (২৯), কাশেম (৩৯), সুজান (৪৯), জাহাঙ্গীর (৪৫) ও ইয়ার আলীকে (৪৭) মেহেরপুর জেনারেল হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মেহেরপুর থানার ওসি শেখ জিহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি জমির দখল নিয়ে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ আক্কাস আলী, সাত্তার, কুদ্দুস ও জাহার আলী নামের চারজনকে আটক করেছে। এখনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24