ফরিদপুর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীজন কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত। প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাভোগ করতে হবে।
এছাড়া একজনকে সাত বছর ও আরেকজনকে তিন বছর সশ্রম করাদণ্ড দেওয়া হয়।
বুধবার ফরিদপুরের অতিরক্ত দায়রা জজ আদালতের বিচারক আবুল কাসেম মো. মোস্তফা এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- আনোয়ার জাহিদ (৩০), কালাচাঁদ ওরফে আবুল কালাম (২১), শেখ আব্দুল মজিদ ওরফে মাজেদ (২৪), জাহাঙ্গীর ওরফে ব্রিটিশ (২২) ও শহীদ (২৫)।
এছাড়া আসামি বজলুকে (২৩) সাত বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাস এবং রাবেয়া বেগমকে (৪৫) তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাস সশ্রম কারাভোগ করতে হবে।
অপরাধ প্রমাণিত না হওয়ায় নজরুল ইসলাম (৩০) ও জেহাদ (২৭) নামে দু'জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
আসামিদের বাড়ি ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায়। রায় ঘোষণার সময় সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ২৫ ডিসেম্বর থেকে ২০০৭ সালের ২ জানুয়ারি তারিখের মধ্যে কোনো এক সময় আসামিরা ব্যবসায়ী কামাল শেখকে (২৫) হত্যার পর লাশ গুম করার চেষ্টা করে।
২ জানুয়ারি ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর ডাবল সেতুর কাছে একটি ট্যাংকের ভেতর থেকে কামালের লাশ উদ্ধার করা হয়।
কামালের চাচা বাদী হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৪ ঘ.
bdnews24