ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরাণীগঞ্জের রসুলপুর গ্রামে মঙ্গলবার বিকালে পানির ট্যাঙ্কে ফেলে এক শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরেক শিশুকে।
নিহত হৃদয় (১০) রসুলপুর গ্রামে আলেক মিয়ার ভাড়া বাড়িতে বাবা-মার সঙ্গে থাকত। তাদের বাড়ি ঢাকার দোহারের পালামগঞ্জ গ্রামে।
হৃদয়ের মা রুবিনা জানান, বিকাল ৩টার দিকে হৃদয় ঘরের আঙ্গিনায় তার দু'ভাই আরিফ (৫) ও আলমের (৩) সঙ্গে খেলছিল। কিছুক্ষণ পর তিনি (রুবিনা) হৃদয়কে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন।
আরো পরে পাশের বাসার শিশু সায়মা (১৩) তাকে বলে, "আপনার ছেলের লাশ গাজী ট্যাঙ্কের ভেতর দেখেন।"
খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কেরাণীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সায়মা ধাক্কা দিয়ে হৃদয়কে পানির ট্যাঙ্কে ফেলে দিয়ে ঢাকনি বন্ধ করে দিয়েছে বলে পুলিশকে জানিয়েছে।
কিন্তু সায়মা কেন এ কাজ করেছে তা জানা যায়নি। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লাশ ময়মাতদন্তের জন্য হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৭ ঘ.
bdnews24