গাইবান্ধা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের গ্রেপ্তার চার সদস্যেকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নিয়েছে গাইবান্ধা পুলিশ।
মঙ্গলবার সকালে পুলিশ তাদের গাইবান্ধা জেল হাজত থেকে সাদুল্লাপুর থানায় নিয়ে যায়।
সোমবার গাইবান্ধার মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. আজিজুর রহমান তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দেন।
হেফাজতে নেওয়া চারজন হলেন- মোকছেদুল হাসান ওরফে মুকুল মণ্ডল (৪৩), মো. হজরত আলী (২৬), মোহাম্মদ জুল হোসেন (৫৫) ও মো. জাকির হোসেন আঙুর (২২)।
সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৬ মে উপজেলার কিশামত বাগচি গ্রামে একটি গোপন সভা থেকে মোকছেদুল হাসান ওরফে মুকুল মণ্ডল ও মো. হজরত আলীকে গ্রেপ্তার করা হয়। ওই সভায় ২৫/৪০ জনের মতো উপস্থিত ছিলেন।
এরপর গত বৃহস্পতিবার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাড়ি থেকে মোহাম্মদ জুল হোসেন এবং সাদুল্লাপুর বাজার থেকে তার ছেলে মো. জাকির হোসেন আঙুরকে গ্রেপ্তার করা হয়।
উপজেলার হিয়ালি গ্রামের মুসলিম উদ্দিন গত বুধবার সাদুল্লাপুর থানায় একটি মামলা করেন। মামলায় এই চারজনসহ ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৮/১০ জনকে আসামি করা হয়।
সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম জানান, বিভিন্ন গোয়েন্দা তথ্য যাচাই করে সাদুল্লাপুর থানা পুলিশ মামলাটি গ্রহণ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২২১২ ঘ.
bdnews24