২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিকে সৃজনশীল প্রশ্নপত্রে প্রাক-নির্বাচনী, নির্বাচনী পরীক্ষা

সারা দেশে এ বছর সৃজনশীল প্রশ্নপত্রে দশম শ্রেণীর প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 01:11 PM

Updated : 25 Aug 2022, 11:51 AM

ঢাকা, জুন ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা দেশে এ বছর সৃজনশীল প্রশ্নপত্রে দশম শ্রেণীর প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, যুগ্মসচিব খন্দকার রাকিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। গত এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো সৃজনশীল প্রশ্নপত্রে বাংলা প্রথম পত্র ও ধর্ম বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ভূগোল, রসায়ন ও ব্যবসায় পরিচিতি বিষয়ে একই পদ্ধতির প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি স্কুলের যেসব শিক্ষক পাবলিক পরীক্ষার উত্তরপত্র দেখতে ও পরীক্ষার হলে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. বিমল কৃষ্ণ মজুমদার জানান, এখন থেকে দশম শ্রেণীতে প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। এছাড়া ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণীর অংক ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা হবে। এদিকে পাঠদানের অনুমতি নেই এমন স্কুলের শিক্ষার্থীরা অনুমোদন পাওয়া যেকোনো স্কুলের মাধ্যমে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নিতে পারবে বলে সভায় সিদ্ধান্ত হয়। তবে তাদেরকে বোর্ড নির্ধারিত ১৫০ টাকা ফি এর অতিরিক্ত সর্বোচ্চ ৫০ টাকা ফি জমা দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/১৯০৪ ঘ.