২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে ২ মামলা

একাত্তরে বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 12:03 PM

Updated : 25 Aug 2022, 11:51 AM

বাগেরহাট, ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাত্তরে বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম মো. রাখিবুল ইসলামের আদালতে মামলা দুটি করা হয়। শহীদ ফজলুল রহমান শিকদারের মেয়ে নাজমা শিকদার এবং শহীদ তৈয়ব আলী শেখের ছেলে আফতার শেখ এ দুটি মামলা করেন। আদালত মোরেলগঞ্জ থানার ওসিকে মামলা দুটি এজাহার হিসেবে নথিভুক্ত করার আদেশ দিয়েছে। শহীদ ফজলুল রহমান শিকদারের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার বক্তারকাঠি গ্রামে এবং তৈয়ব আলী শেখের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার হামচাপুর গ্রামে। ফজলুর রহমান হত্যা মামলায় আসামি করা হয়েছে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার দুলাল মিনা, কচুয়া উপজেলার বক্তারকাঠি গ্রামের দবির উদ্দিন শিকদার, যশোরদি গ্রামের ইদ্রিস শেখ, ইদ্রিস মোল্লা, ইমাম হোসেন দিদার, মোকছেদ দিদার, আবুআল দিদার, ফজলু দিদার, রুস্তুম মোল্লা, পিংগুড়িয়া গ্রামের ফজলুর রহমান মোল্লা, ছাত্তার মোল্লা, বাধাল গ্রামের নাছির শেখ, মোরেলগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামের মজিদ শেখ, দৈবজ্ঞহাটি গ্রামের আকরাম খান ও দাসখালী গ্রামের শেখ সোহরাব হোসেনকে। এদের বিরুদ্ধে অভিযোগ, ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর সন্ধ্যায় ৯ নম্বর সেক্টরে যুদ্ধরত ফজলুর রহমান মোরেলগঞ্জ ক্যাম্প থেকে দল নেতা খোকনের সঙ্গে গোপন স্থানে দেখা করতে যাচ্ছিলেন। পথে তেলিগাঁতি বাজারের কাছে রাজাকাররা তাকে ধরে হাত-পা বেঁধে বেওনেট দিয়ে খুঁচিয়ে এবং গুলি করে হত্যা করে লাশ খালে ফেলে দেয়। মুক্তিযোদ্ধা তৈয়ব আলী হত্যা মামলার আসামিরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার বুরুজবাড়ি গ্রামের মো. আব্দুল জলিল, জোকা গ্রামের ছৈয়া শেখ, মোবারক থলবলি, মো. খবির উদ্দিন, খালেক মোল্লা, উত্তর পুটিখালী গ্রামের সামছু শেখ, তেলিগাঁতি গ্রামের আকরাম খান, খোকা খান, রশিদ খান, খালকুলিয়া গ্রামের ইমদাদ খান, আকরাম খাঁ, ইনছাব আলী খাঁ, কচুয়া উপজেলার যশোরদি গ্রামের ইদ্রিস মোল্লা, রুস্তম মোল্লা, নূরু শিকদার ও খুলনা শহরের জিন্নাহপাড়ার উকিল উদ্দিন। বাদির অভিযোগ, ১৯৭১ সালের ২৪ আগস্ট মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বাজার থেকে রাজাকাররা তার বাবা মুক্তিযোদ্ধা তৈয়ব আলী শেখকে ধরে বিভিন্ন ভাবে নির্যাতন করে। পরে গুলি করে হত্যা করে লাশ পাশের খালে ইছামতি খালে ফেলে দেয়। মোরেলগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, আদেশের কাগজপত্র থানায় এসে পৌঁছালে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৩ ঘ.