ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের মোট জনসংখ্যার ১৩ ভাগ আর্সেনিক ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
জাতীয় সংসদের সোমবারের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মোসাম্মৎ শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, "আর্সেনিক মিটিগেশন অপসন হিসাবে গভীর নলকূপ, পিএসএফ, পাতকুয়া, বৃষ্টির পানি সংরক্ষণাগার ইত্যাদি নির্মিত হচ্ছে। আর্সেনিক আক্রান্ত এলাকায় ইতিমধ্যে এক লাখ ৩০ হাজার নিরাপদ পানির উৎস নির্মাণ এবং আর্সেনিক আক্রান্ত গ্রামে নূন্যতম একটি করে পানির উৎস স্থাপন করা হয়েছে।"
লক্ষীপুর-৪ আসনের সাংসদ এ বি এম আশরাফউদ্দিনের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম জানান, নারায়ণগঞ্জসহ ঢাকা শহরে দৈনিক পানির চাহিদা দু'শ বিশ কোটি লিটার। ওয়াসা দৈনিক গড়ে দু'শ কোটি লিটার পানি সরবরাহ করে।
আশরাফ জানান, বর্তমানে সায়েদাবাদ পানি শোধনাগার শীতলক্ষ্যা নদী থেকে পানি নিয়ে দৈনিক ২২ কোটি ৫০ লাখ লিটার বিশুদ্ধ পানি ওয়াসার লাইনে সরবরাহ করে। এই শোধনাগারের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হলে দৈনিক অতিরিক্ত আরো ২২ কোটি ৫০ লাখ লিটার পানি সরবরাহ করা যাবে।
তিনি বলেন, "পানি সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে সরকার আরো কিছু প্রকল্প হাতে নিয়েছে। সাভারের ভাকুর্তা ও মানিকগঞ্জের সিংগাইরে ওয়েলফিল্ড নির্মাণ হলে দৈনিক ৩০ কোটি লিটার পানি সরবরাহ করা যাবে। খিলক্ষেত ও পাগলায় আরো দু'টি শোধনাগার নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।"
ফেনী-২ আসনের সাংসদ জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে আশরাফ বলেন, "ঢাকা ওয়াসার সরবরাহ করা পানি বিশুদ্ধ থাকে। তবে, এই মহানগরীর অনেক গ্রাহক অনেক সময় তাদের ইচ্ছামত পানির লাইন স্থানান্তর করে এবং ঠিকমত পূর্বের সংযোগ বন্ধ করে না। এর ফলে ওয়াসার সরবরাহ করা পানি দূষিত হয়। তাছাড়া অনেক সময় অন্য সংস্থা ওয়াসার পানির লাইনের ওপরে বা পাশে পয়ঃলাইন এবং ড্রেন নির্মাণ করে। ফলে পানি দূষিত হওয়ার সম্ভাবনা থাকে। অনেক গ্রাহক তাদের জলাধার নিয়মিত পরিস্কার করে না। ফলে দূষিত পানি পাওয়ার সম্ভাবনা থাকে।"
সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ জানান, সিলেটে দৈনিক প্রায় তিন কোটি আশি লাখ লিটার খাবার পানির ঘাটতি রয়েছে।
এক সম্পূরক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, "এর আগে আওয়ামী লীগ সরকার একটি বাড়ি একটি খামার প্রকল্প হাতে নিয়েছিলো। কিন্তু চার দলীয় জোট সরকার প্রকল্পটি স্থগিত রাখে। বতর্মান সরকার ক্ষমতায় আসার পর এই প্রকল্পের কোনো কাগজ আমরা পাইনি। দেশের সব ইউনিয়ন ও সব গ্রামের উন্নয়নের জন্য 'একটি বাড়ি একটি খামার প্রকল্প' চালু করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ কেএমএস/০০৪৩ ঘ.
bdnews24