২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2010, 04:01 PM

Updated : 25 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় উত্তরা কেলেংকারীর ঘটনায় সোমবার রাতে বিমানবন্দর থানার ওসি বাদী হয়ে এই থানায় মামলাটি দায়ের করেন। উত্তরা থানার উপ-পুলিশ কমিশনার নিশারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি আসার পরে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।" ওসি আবু সালেহ মো. শামসুদ্দিন বলেন, "সোমবার বিকালে মামলাটি দায়ের করা হয়েছে।" মামলার অভিযোগে বলা হয়, মাহমুদুর রহমান ২০০৬ সালের ২৪ নভেম্বর রাতে উত্তরা সেক্টর-১, সড়ক-৭ এর ১৬ নম্বর বাড়িতে তার ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ের তৃতীয় তলায় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে গোপনে বৈঠক করছিলেন। এই বৈঠকের মাধ্যমে তারা পরবর্তী সংসদ নির্বাচন ও সরকার নিয়ে ষড়যন্ত্র করছিলেন। মাহমুদুর রহমান ছাড়াও মামলায় আরো ১৫জনকে আসামি করা হয়েছে। এই ব্যক্তিরা সে সময়ে সরকারের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এরা হলেন তৎকালীন বিয়াম মহাপরিচালক শহিদুল আলম, পুলিশের মহাপরিদর্শক আব্দুল কাইয়ুম, ঢাকা সিটি কর্পোরেশনের সচিব মজিবুর রহমান, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম জাহাঙ্গীর, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল রহমান তরফদার, ঢাকা সিটি কর্পোরেশনের পরিবহন শাখার মহাব্যবস্থাপক মো. জাকির হোসেন কামাল, জাতীয় পুষ্টি প্রকল্পের নির্বাহী পরিচালক মো. আবদুল বারি। আরো রয়েছেন তৎকালীন মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. আব্দুস সবুর, সাভারের প্রাক্তন ইউএনও সালাউদ্দিন নাগরী, সংস্থাপন মন্ত্রণালয়ে সংযুক্ত উপ-সচিব আব্দুল মতিন, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব জাকিরুল ইসলাম, ইঞ্জিনিয়ারিং বিভাগের ইন্সপেকশন অব ফ্যাক্টরির পরিদর্শক সোহেল মাহমুদ ইকবাল, ঢাকার দুই অতিরিক্ত কর কমিশনার সাজ্জাদ হোসেন ভুইয়া ও কাজী ইমদাদুল হক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব সরফুদ্দিন আহমেদ চৌধুরী । সদ্য বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গত ১ জুন একটি প্রতারণার মামলায় গ্রেফতার করা হয়। পরে তাকে আরো তিনটি মামলায় শ্যেন এ্যারেস্ট দেখানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/পিবি/কেএমএস/২২১৬ ঘ.