ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা রোধে পদক্ষেপ গ্রহণের নির্দেশ অমান্য করায় রাজধানীর পাঁচ থানার ওসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।
এরা হলেন, কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন খান, হাজারীবাগের ওসি এনামুল হক, লালবাগের ওসি মোহাম্মদ আলী, কামরাঙ্গীরচরের ওসি শফিকুল ইসলাম ও ডেমরা থানার ওসি মাহবুব হোসেন।
রিট আবেদনকারী একটি সংগঠনের আবেদনের পরিপ্রক্ষিতে বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ ও নাঈমা হায়দারের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তার কারণ জানাতে আগামী বুধবার সশরীরে আদালতে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট আবেদনটি দায়ের করে।
আবেদনে বলা হয়, সংগঠনটির একটি রিট আবেদনের পর গত ৪ মে বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা রোধে ওই ৫ থানার ওসিকে নদী তীরে পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
কিন্তু তারা আদালতের সে নির্দেশ পালন করেননি। এতে আদালতকে অবমাননা করা হয়েছে বলে আবেদনে বলা হয়।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/আরএ/এমএসবি/১৮৪৯ ঘ.
bdnews24