ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ ঘাটতি মেটাতে সরকারের স্বল্প-মেয়াদী পরিকল্পনার বিরোধিতা করেছেন রিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। তিনি প্রতিবছর বিদ্যুৎখাতে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বাড়তি হারে বরাদ্দ নিশ্চিতের প্রস্তাব করেন।
সোমবার বিকালে রাজধানীর হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে এক অনুষ্ঠানে তিনি ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে সরকারের কাছে এ প্রস্তাব রাখেন।
বিএনপি চেয়ারপারসন বলেন, "বিদ্যুতের জন্য সরকার যে স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়েছে, তা দেশের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য কানো স্থায়ী সমাধান নয়। অতি চড়া দামে বিদ্যুৎ কেনার পরিকল্পনা অর্থনীতির জন্য বিপদ ডেকে আনবে। আসলে প্রয়োজন প্রতিবছর বিদ্যুৎখাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাড়তি হারে বরাদ্দ নিশ্চিত করা।"
তিনি বিদ্যুৎ ঘাটতি পূরণে প্রতি বছর ২০ শতাংশ হারে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহবান জানিয়েছেন।
ক্ষমতায় আসার পর প্রায় দেড় বছরেও সরকার বিদ্যুৎ উৎপাদনে কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, "বিদ্যুৎ পরিস্থিতি সংকটজনক প্রমাণ করতে সরকার এই ১৬ মাস নিশ্চুপ ছিল। এখন সংকটের তীব্রতার অজুহাত দিয়ে এমনসব পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় এবং দুর্নীতি ও অনিয়মের সুযোগ সৃষ্টি হয়েছে। স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া ও ক্রয়নীতি অনুসরণ না করায় এই খাতকে ঘিরে বিশাল দুর্নীতির সুযোগ সৃষ্টি করা হয়েছে।"
খালেদা জিয়া রাশিয়ার সহায়তায় পাবনার রূপপূরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সরাসরি বিরোধিতা না করলেও এক্ষেত্রে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, ''নীতিগতভাবে আণবিক বিদ্যুৎ শক্তি উৎপাদনে আমাদের কোনো আপত্তি নেই। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। কাজেই এখানে পরামাণু বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা ঘটলে মারাত্মক বিপর্যয়ের আশংকা রয়েছে। তেজষ্ক্রিয় পদার্থ ব্যবহারে যথাযথ প্রযুক্তিগত অভিজ্ঞতা না থাকলে এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র খুবই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে।''
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য জাতীয় সম্পদ কয়লার সর্বোত্তম ও লাভজনক ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি কয়লা ও আণবিক শক্তি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ওপর গুরুত্ব আরোপ করেন।
নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জিয়ো থার্মালশক্তি ব্যবহার করে বিকল্প উপায়ে বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপের পাশাপাশি এসব খাতে কর মওকুফসহ অন্যান্য সুবিধা প্রদানেরও দাবি জানান খালেদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৪৩ ঘ.
bdnews24