সিলেট, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় আরো এক সপ্তাহ বাড়িয়েছে আদালত।
রোববার সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ মাহবুব-উল ইসলাম এ সময় আগামী ১৩ জুন পর্যন্ত বাড়ান।
এই নিয়ে ৩১ বার এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখ বাড়ানো হলো।
এর আগে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর মাধ্যমে মামলার তদন্ত কর্মকর্তা আরো সময় প্রার্থনা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি কিশোর কুমার কর জানান, সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরো সময় চেয়ে আদালতে আবেদন করা হয়।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ অজ্ঞাতদের আসামি করে হবিগঞ্জ থানায় মামলা করেন।
২০০৮ সালের ২২ সেপ্টেম্বর বাদীপক্ষের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিচার কাজ স্থগিত করে অধিকতর তদন্তের নির্দেশ দেয়।
মামলার অধিকতর তদন্তের ভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিলেট অঞ্চলের জ্যেষ্ঠ পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৩ ঘ.
bdnews24