২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় দু'দলের সংঘর্ষে আহত ৫

খাস জলাশয়ের দখল নিয়ে গাইবান্ধায় দু'দলের সংঘর্ষে মহিলাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 04:14 PM

Updated : 25 Aug 2022, 11:38 AM

গাইবান্ধা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাস জলাশয়ের দখল নিয়ে গাইবান্ধায় দু'দলের সংঘর্ষে মহিলাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের পর একপক্ষ অপরপক্ষের ১০টি ঘরবাড়ি ভাংচুরও করে। শুক্রবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর ও পুরান লক্ষ্মীপুর গ্রামের সীমান্ত এলাকা দরবেশের দহে এ সংঘর্ষ হয়। আহত জয়েনপুর গ্রামের কুলছুম খাতুন (৩২), সফের আলী (৩৫), আব্দুস সালাম মিয়া (৫৫), আয়েশা খাতুন (৩০) ও সাহেব মিয়াকে (৪০) সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জয়েনপুর ও পুরান লক্ষ্মীপুর গ্রামের সীমান্তে দরবেশের দহে একটি খাস জলাশয় নিয়ে পুরান লক্ষ্মীপুর ভূমিহীন মৎসজীবীদের সঙ্গে গ্রামের হাজী আব্দুল জলিল গংদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা ভুমি অফিস ওই জলাশয়ের সাত একর লক্ষ্মীপুর ভূমিহীন মৎসজীবী সমবায় সমিতিকে লিজ দেয়। হাজী আব্দুল জলিলের অভিযোগ মৎসজীবীরা ওই সাত একরের বাইরে এসে তার দখলে থাকা জমি দখলের চেষ্টা করছে। এই নিয়ে দু'পক্ষের কথাকাটাকাটির জেরে শুক্রবার বেলা ২টার দিকে দু'পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো বলেন, সংঘর্ষের পর আব্দুল জলিলের লোকজন অতর্কিত হামলা চালিয়ে ভূমিহীন মৎসজীবী কামরুল, মোকলেছ, ফারুক, আবেদ আলী, মকবুল, মফিজল, আংগুর, খয়রাজ্জামান, সফিয়াল, সফের রঞ্জুর ঘরবাড়ি ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, উভয়পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা ব্যবহার করেছে। আব্দুল জলিলের ভাইপো আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগে মৎস্যজীবীরা হামলা চালানোয় তারা পাল্টা হামলা চালিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৭ ঘ.