শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়ান্ন বাজার তেপ্পান্ন গলির পুরান ঢাকার কোনো এলাকায় আগুন লাগলে প্রাণহানি এড়ানো কঠিন। বিশেষজ্ঞরা বলছেন, এটা এখন আর নিছক আশঙ্কা বা অনুমানের ব্যাপার নয়, নিমতলীর অগ্নিকাণ্ডই তা প্রমাণ করে দিয়েছে।
নগরবিদরা বলছেন, পুরান ঢাকায় এমনিতেই ঘনবসতি। তার উপর গলি-ঘুপচিময় এই এলাকার প্রতিটি রাস্তা অপরিসর। এমনও রাস্তা আছে যেখানে রিকশাও যেতে পারে না। এসব এলাকায় আগুন লাগলে দমকল বাহিনী তাদের গাড়ি-সরঞ্জাম নিয়ে প্রবেশ করতে পারে না।
দমকল বাহিনীর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরান ঢাকার আগুন নিয়ন্ত্রণে আনার বড় সমস্যা এই এলাকার অপরিসর রাস্তা ও যানজট।"
তিনি বলেন, গলির ভেতর আগুন লাগলে পাইপ টেনে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর সময় পানির চাপ কমে যায়। ফলে আগুন নিয়ন্ত্রনে আনতে অনেক সময় লাগে।
দমকল বাহিনী সূত্রে জানা গেছে, পুরান ঢাকার নিমতলী নবাবকাটরার কায়েতটুলির মত এমসি রায় লেন, গনকটুলি, হাজারীবাগ, কোতয়ালী, সূত্রাপুর, নাজিমউদ্দিন রোড, আগাসাদেক রোড, সিদ্দিকবাজার, বংশাল, মাদনকাটরা, লালবাগ, ইসলামবাগ, ইসলামপুর, তাঁতীবাজার, নয়াবাজার, শাঁখারীবাজার, লক্ষ্মীবাজার, নবাবপুর আর ইংলিশ রোডের মতো এলাকায় এ রকম শতাধিক রাস্তা আছে যেখানে কোন ভাবেই দমকল বাহিনী প্রবেশ করতে পারে না ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার নগরায়ন ও সুশাসন কমিটির সদস্য সচিব স্থপতি ইকবাল হাবিব বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই সমস্যা সমাধানে রাজধানী ঢাকার 'ডিটেইল এরিয়া প্ল্যান (ডিএপি)' শিগগিরই বাস্তবায়ন করতে হবে। ২০০৪ সাল থেকে ঝুলে থাকা এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পুরান ঢাকার রাস্তা-ঘাট পুনর্বিন্যাস করতে হবে। কেবল তাই নয়, মহল্লাভিত্তিক স্থায়ী দূর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা নেওয়ার উপরও গুরুত্ব দেন তিনি।
পুরান ঢাকার নবাবকাটরা এলাকার বাসিন্দা হাজী রহমত আলী বলেন, ঢাকার বাইরে আগুন লাগলে আশপাশের জলাধার, নদীনালা বা ডোবার পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা যায়। পানির তীব্র সংকটের কারণে এখানে সেটা করা সম্ভব হয় না।
পরিবেশবাদীরা বলছেন, এ জন্য জরুরি ভিত্তিতে পুরান ঢাকার পুকুর-খালগুলোকে উদ্ধার করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে।
ফায়ার সার্ভিস সূত্র মতে, পুরান ঢাকার বেশীরভাগ এলাকায় গড়ে উঠেছে ছোট ছোট কারখানা ও রাসায়নিক মালামালের গোডাউন। এমনকি ঘিঞ্জি এ এলাকায় কয়েকটি বড় বড় শিল্প কারখানাও রয়েছে। এসব কারখানায় নেই কোন অগ্নিনির্বাপন ব্যবস্থা।
এছাড়া শহীদ নগর, সোয়ারী ঘাট, বাঁকল্যান্ড বাধ, রায়েরবাজার, ডেমরা, শ্যামপুর ও সূত্রাপুরে প্লাস্টিক কারখানাগুলোতে প্রায়ই আগুনের সূত্রপাত হচ্ছে। বৈদ্যুুতিক সর্টসার্কিটের কারণেও অগ্নিকান্ড হচ্ছে।
বৃহস্পতিবার রাতে কায়েতটুলির অগ্নিকান্ডে যে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে তার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে রাসায়নিক পদার্থের গোডাউনকে। রাসায়নিক পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থপতি ইকবাল হাবিব বলেন, রাসায়নিক ও সহজ দাহ্য পদার্থ নির্ভর ক্ষুদ্র শিল্পগুলোকে পুরান ঢাকা থেকে শিগগির অন্য কোথাও সরিয়ে নিতে হবে।
দমকল বাহিনীর সূত্র মতে, ২০০৮ সালে নাজিমুদ্দিন রোডের একটি ভবনে অগ্নিকান্ডে একই পরিবারের ৯ জনসহ মোট ১০ জন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। একই বছর লালবাগ ইসলামবাগ এলাকায় অগ্নিদগ্ধ হয়ে ৬ জনের মৃত্যু হয়। ২০০৬ সালে মৌলভীবাজার এলাকায় অগ্নিকান্ডে প্রায় ২০ কোটি টাকার মালামাল পুরে যায়। এছাড়া প্রায়ই ছোট খাট অগ্নিকান্ডে পুরান ঢাকা এলাকায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হচ্ছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/কেএমএস/২১০০ ঘ.
bdnews24