ভোলা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকায় অগ্নিকান্ডে নিহত একই পরিবারের তিনজনের লাশের অপেক্ষায় রয়েছেন ভোলা সদরের জামিরালতা গ্রামে তাদের স্বজনরা।
নিমতলী এলাকার আগামাসি লেনের কায়েতটুলির অগ্নিকান্ডে জামিরালতা গ্রামের আবদুল্লাহ আল মামুন সোহাগ (৩২), তার স্ত্রী ইয়াসমিন রশিদ (২৭) ও একমাত্র ছেলে রাফি (৭) মারা যান।
এই খবরে এখন শোকে কাতর সোহাগের বাবা-মা ও আত্মীয় স্বজন। মাতম চলছে তাদের গ্রামের বাড়িতে।
জামিরালতা গ্রামের বেপারী বাড়ীর রুহুল আমিন ও জাহানারা বেগমের চার সন্তানের মধ্যে একমাত্র ছেলে আবদুল্লাহ আল মামুন সোহাগ। মাস ছয়েক আগে ঢাকায় লিভার ব্রাদার্স-এর গাড়ী চালক পদে চাকুরী নেয় সে। পরে কায়েতটুলি এলাকায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানকে নিয়ে বসবাস শুরু করে।
শুক্রবার দুপুরে সোহাগের বাড়ীতে গিয়ে দেখা যায়, আত্মীয় স্বজনরা কান্নাকাটি করছে। সেখানে তৈরি হয়েছে শোকের পরিবেশ। প্রিয় মানুষের লাশের অপেক্ষায় রয়েছে সবাই।
সোহাগের চাচা অ্যাডভোকেট আলাউদ্দিন জানান, সোহাগ ও তার স্ত্রী-সন্তানের লাশ সড়ক পথে ভোলার নিজ বাড়ীতে আনা হচ্ছে। রাতের মধ্যেই লাশ পৌঁছে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/কেএমএস/২০০০ ঘ.
bdnews24