গাইবান্ধা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল্লাহর দলের আরো দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা পুলিশ।
জেলার সাদুল্লাপুর বাজার ও পুরান লক্ষ্মীপুর গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার তাদের জেল-হাজতে পাঠানো হয়েছে।
এরা হলেন- উপজেলার পুরান লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ জুল হোসেন (৫৫) ও তার ছেলে মো. জাকির হোসেন আংগুর (২২)।
এর আগে গত ২৬ মে উপজেলার কিশামত বাগচী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় মোকছেদুল হাসান ওরফে মকুল মণ্ডল (৪৩) ও তার ভাই মো. হজরত আলীকে (২৬)।
সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর বাজার থেকে আংগুরকে এবং এরপর বাড়ি থেকে জুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, গত ২৬ মে দু'জনকে গ্রেপ্তারে কিশামত বাগচী ও হিয়ালি গ্রামের লোকজন সহায়তা করায় এই সংগঠনের সদস্যরা মোবাইল ফোনে রেজাউল মাস্টার ও সামছুল মাস্টার নামের দুই গ্রামবাসীকে বোমা হামলার হুমকি দেয়।
এরপর ওই সংগঠনের সদস্যদের গ্রেপ্তারের দাবিতে গত রোববার গ্রামবাসী বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় স্মারকলিপি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৪১ ঘ.
bdnews24