২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় আগুন, নিহত ৭৩

ভবন ধসে প্রাণহানির ঘটনার রেশ না কাটতেই রাজধানীর নিমতলী এলাকায় আগুনে কমপক্ষে ৭৩ জন মারা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 04:26 PM

Updated : 25 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভবন ধসে প্রাণহানির ঘটনার রেশ না কাটতেই রাজধানীর নিমতলী এলাকায় আগুনে কমপক্ষে ৭৩ জন মারা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছে আরো শতাধিক লোক। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুরান ঢাকার নিমতলী এলাকার আগামাসি লেনের কায়েতটুলির সাপ মন্দির রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুনের সূত্রাপাত বলে দমকল কর্মকর্তারা ধারণা করছেন। আগুন লাগার নির্দিষ্ট কারণ তারা জানাতে পারেননি। তারা জানান, আগুন চোখের পলকে আশপাশের অন্তত ৫-৬টি বাড়িতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী বলেছে, এলাকার বিয়ের অনুষ্ঠানের জন্য রান্নার সময় ঘটনাস্থলের ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। আশপাশে কাগজের দোকান, জুতা ও প্লাস্টি সামগ্রীর কারখানার দাহ্য পদার্থে আগুন লেগে তা আশপাশে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক জানান, রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার কাজ শুরু হয়। প্রথম দফা উদ্ধার করা হয় ১৩ টি লাশ। এসব লাশ পাঠিয়ে দেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর পাশের একটি বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয় ১১টি লাশ। অন্য বাড়িগুলোর ভেতর পাওয়া যায় আরো ৪৮ জনের লাশ। অগ্নিদগ্ধ হয়ে ও ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে তারা মারা গেছে। দমকলকর্মীদের সঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছে র‌্যাব ও পুলিশ সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, রাত সোয়া ১২টার দিকে অগ্নিদগ্ধ একজনকে হাসপাতালের আনার পর চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। তার নাম বাবুল (২৫)। সুমন নামের অপর একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খাদেমুল ইনসান মো. ইকবাল বলেন, এখানে বার্ন ইউনিট না থাকলেও তারা আহতদের চিকিৎসা দিতে তারা একটি টিম গঠন করেছেন। নিহতদের মধ্যে আরো ছয়জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সামসুন্নাহার ও তার দুই মেয়ে অদিতি (৭) ও সেঁউতি (৯), বাবু (৩৫), হাসান সিরাজি (৩৫) ও সনু (৩)। অজ্ঞাত লাশগুলোর মধ্যে তিনটি শিশু, তিনজন মহিলা রয়েছে। দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহীদুল্লাহ সাংবাদিকদের জানান, খবর পেয়ে সদরঘাট, লালবাগ ও মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে ছুটে আসে। আগুনের নিয়ন্ত্রণের পর উদ্ধার কাজ শুরু হয়। এ পর্যন্ত ৭২ জনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে তিনি জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। নগরীর ৬৯ নম্বর ওয়ার্ডের সরু গলি ও জনাকীর্ণ এলাকাটিতে ভিড় করেছে হাজার হাজার মানুষ। নিহতদের আত্মীয়-স্বজনসহ আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে এসেছে। স্বজন হারানোদের আহাজারিতে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে এক হৃদয় বিদারক পরিবেশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়ও হতাহতদের স্বজনদের আর্তিতে ভারী হয়ে ওঠে। এলাকাবাসীরা জানান, আগুন লাগার পরপরই লোকজন সেখানে ছুটে যায়। কিন্তু আগুনের তাপের মুখে তারা কিছুই করতে পারেনি। এসময় ভবনগুলোর বাসিন্দাদের চিৎকারে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজে লাশ দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন। এছ্ড়াা ঢাকার মেয়র সাদেক হোসেন খোলা ঘটনাস্থলে যান। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকার বেগুনবাড়িতে একটি পাঁচতলা ভবন উপড়ে পাশের কয়েকটি টিনশেড ভবনের ওপর পড়ে। এতে কমপক্ষে ২৫ জন মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচএ/কেএমএস/এমএসবি/০১১৬ ঘ.