২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর বাজেটে এক হাজার কোটি টাকা বরাদ্দের দাবি

দেশের ৩০৮টি পৌরসভার উন্নয়নে আগামী জাতীয় বাজেটে এক হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 03:45 PM

Updated : 25 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৩০৮টি পৌরসভার উন্নয়নে আগামী জাতীয় বাজেটে এক হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব)। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আজমত উল্লাহ খান এ দাবি উত্থাপন করেন। এতে মূল বক্তব্য তুলে ধরেন সমিতির মহাসচিব শামিম আল রাজি। এসময় সমিতির উপদেষ্টা সাংসদ আকম মোজাম্মেল হক ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশের স্থানীয় সরকার খাতে বরাদ্দের চিত্র তুলে ধরে আজমত উল্লাহ খান বলেন, দেশের ৩০৮টি পৌরসভার জন্য গত বছরের বাজেটে বরাদ্দ ছিল মাত্র ২০০ কোটি টাকা। যা পৌরসভাগুলোর উন্নয়নে তেমন কোনো কাজে আসে না। এসব পৌর এলাকার উন্নয়নের জন্য ন্যুনতম এক হাজার কোটি টাকা প্রয়োজন। শামিম আল রাজি জাতীয় বাজেটের ২০ শতাংশ স্থানীয় সরকার খাতে বরাদ্দ, নগর স্বাস্থ্য, শিক্ষা, ভূমি ও আইন সংক্রান্ত ম্যানুয়েল প্রণয়ন, খাস জমি, জলমহাল, পাথরমহাল ও বালুমহালসহ স্থানীয় সম্পদ পৌরসভায় হস্তান্তর, পৌরসভার বিরোধ নিষ্পত্তি বোর্ডকে নগর আদালত ঘোষণা করে আইন প্রণয়ন, পৌর কাউন্সিলরদের ক্ষমতায়ন, নারী প্রতিনিধিদের জন্য পৃথক বাজেট ঘোষণার সুপারিশ করেন। মোজাম্মেল হক স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে স্থানীয় সরকার কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় একটি কমিশন গঠ করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার এসে নতুন আইন করায় তা বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এটির খুবই প্রয়োজন। তিনি বলেন, সব সরকারই পৌরসভাগুলোকে নিজেদের করায়ত্তে রাখার চেষ্টা করেছে। কিন্তু পৌরসভাগুলোর তেমন কোনো উন্নয়ন হয়নি। এজন্য জনপ্রতিনিধিদের আরো জোরালো ভূমিকা নিতে হবে। তা না হলে পৌরসভাগুলো দাবি কোনদিনও বাস্তবায়ন হবে না। বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থেকেই স্থানীয় সরকার ব্যবস্থার বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে। তারা আরো শক্তিশালী ও কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলেছে। অথচ নিজস্ব পদ্ধতির প্রয়োগ না করে বাংলাদেশ পিছিয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১৩৮