২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ পদক দেওয়া হবে শনিবার

পরিবেশ রক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বেক্সিমকো জুট ডিভিশনের প্রধান নির্বাহীসহ চারটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ২০১০ সালের জন্য পরিবেশ পদকের জন্য মনোনীত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 11:26 AM

Updated : 25 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ রক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বেক্সিমকো জুট ডিভিশনের প্রধান নির্বাহীসহ চারটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ২০১০ সালের জন্য পরিবেশ পদকের জন্য মনোনীত করা হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে এ চারটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। পরিবেশ রক্ষা কার্যক্রমের স্বীকৃতি হিসেবে প্রত্যেক প্রতিষ্ঠান ও ব্যক্তি নগদ ৩০ হাজার টাকা ও ১৮ ক্যারেট ওজনের একটি করে স্বর্ণপদক এবং সনদ পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবেন বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। পরিবেশ মন্ত্রণালয় থেকে জানা যায়, বেক্সিমকো জুট ডিভিশনের প্রধান নির্বাহী মোহাম্মদ হুমায়ুন কবির পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনের জন্য এ পদক পাচ্ছেন। এছাড়া পরিবেশগত শিক্ষা ও প্রচারের জন্য বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ সংরক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য মহাখালী ডিওএইচএস-এর ইকোটেক্স লিমিটেড এ পদক পাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/কেএমএস/১৭২০ঘ.