২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতোয়ার শিকার পরিবারকে নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফতোয়ার শিকার তরুণী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 02:01 PM

Updated : 25 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফতোয়ার শিকার তরুণী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশে নির্যাতিতা ও তার মাকে বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে হাজির করা হয়। বাঞ্ছারামপুর থানার ওসির তত্ত্বাবধানে তাদের আদালতে আনা হয়। বিচারপতিরা তাদের খাস কামরায় মা ও মেয়ের বক্তব্য শোনেন। পরে আদালত জানায়, মা ও মেয়ে নির্যাতনের আংশিক সত্যতা নিশ্চিত করেছেন। নির্যাতনের কথা জানালেও ১০০টি দোররা মারার কথা স্বীকার করেননি তারা। তাদের বক্তব্য রায়ে প্রতিফলিত হবে। রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক ও অ্যাডভোকেট কে এম হাফিজুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত মেয়ে ও মাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে ওসিকে নির্দেশ দিয়েছে। গত ২২ মে দৈনিক প্রথম আলো পত্রিকায় 'বাঞ্ছারামপুরে তরুণীকে ১০১ দোররা, গ্রেপ্তার ৪' শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ঘটনায় গত ২৪ মে ব্যারিস্টার মাহবুব শফিক, অ্যাডভোকেট কে এম হাফিজুল আলম ও ইমরানুল হাই হাইকোর্টে জনস্বার্থ রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত ফতোয়া বা ইসলামী শরিয়ার নামে বিচার বহির্ভূত শাস্তি দেওয়া কেন অবৈধ ও মানবাধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করে। সেইসঙ্গে ফতোয়া ও ইসলামী শরিয়ার নামে বিচার বহির্ভূত শাস্তি আরোপ নিরুৎসাহিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে এ বিষয়ে পাঠ্যউপকরণ অন্তর্ভূক্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়। সরকারের স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, ধর্ম সচিব, সংস্কৃতি সচিব, পুলিশের মহাপরিদর্শক, ব্রাক্ষ্মণবাড়িয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপারিনটেনডেন্ট ও বাঞ্ছারামপুর থানার ওসিকে আগামী এক সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমইউএস/এমএসবি/১৯৫৯ ঘ.