ঠাকুরগাঁও, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহপাঠিনীকে উত্ত্যক্ত করার জেরে বুধবার ঠাকুরগাঁও সরকারি কলেজে দু'দল ছাত্রের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
পরে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
শিক্ষার্থীরা জানায়, কলেজের মহসীন নামে দ্বাদশ শ্রেণীর এক ছাত্র একই শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল বেশ কিছুদিন থেকে। সকালে ছাত্রীটি তার সহপাঠীদের বিষয়টি জানালে সোহাগ নামে আরেক ছাত্রের সঙ্গে মহসীনের কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে দু'জনের পক্ষ নিয়ে দু'টি গ্র"প সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহত সোহাগ (২৫), মুরাদ (১৮), মিরাজ (২২), রনি (১৭), মিলন (২২), শুভ (১৭), কায়েসসহ (২৩) অন্তত ১০ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি ফিরোজ খান জানান, সংঘর্ষের পর শহরের বিভিন্ন মহল্লা থেকে শাহাজাহান (২৫), সুজন (২২), সোয়েব (১৮), রনজিৎ (২৩) ও সোহেল (২৩) নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইটি রামদা, পাঁচটি ছোরা ও পাঁচটি লোহার রড উদ্ধার করা হয় বলেও পুলিশ কর্মকর্তা জানান।
ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ জানান, দ্বাদশ শ্রেণীর ছাত্র মহসীন এক ছাত্রীকে উত্ত্যক্ত করছে বলে তার মা ও খালাসহ আত্মীয়স্বজন অভিযোগ করলে তিনি বুধবার মহসীন থেকে মুচলেকা নিয়ে বিষয়টি আপোষ করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫২ ঘ.
bdnews24