২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রতারণা মামলায় জামিন দিলেও পুলিশের উপর হামলার মামলায় সদ্য বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বুধবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2010, 11:34 AM

Updated : 25 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণা মামলায় জামিন দিলেও পুলিশের উপর হামলার মামলায় সদ্য বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বুধবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতের আবেদন নাকচ করে মাহমুদুরকে কারা ফটকে তিন দিনের মধ্যে জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দেওয়া হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. নজরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। বুধবার বিকাল পৌনে পাঁচটায় মাহমুদুর রহমানকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ । তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল বুধবার ভোররাতে মামলাটি দায়ের করেন। এ মামলায় মাহমুদুর রহমানসহ আমার দেশ পত্রিকার সাংবাদিক সঞ্জীব চৌধুরী, আবদাল আহমেদ, জাহেদ চৌধুরী, আলাউদ্দিন আরিফ ও পিওন সাইফুলসহ অজ্ঞাতপরিচয় ১০০ জনকে আসামি করা হয়েছে। তাকে আদালতের হাজতে রাখার পর সন্ধ্যা পৌনে ৬ টায় এজলাসে হাজির করে কাঠগড়ায় দাঁড় করানো হয় । পুলিশের উপর হামলার মামলায় রিমান্ড আবেদন বাতিল করে জামিন এবং প্রতারণা মামলায় শুধুমাত্র জামিন চান মাহমুদুরের আইনজীবীরা । শুনানিতে মাহমুদুরের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়াসহ অন্যান্য আইনজীবী বলেন, প্রতারণা ও মানহানির মামলা জামিনযোগ্য ধারায় করা হয়েছে। তাই তাকে কারাগারে পাঠানো যাবে না বলে পুলিশের উপর হামলা, কর্তব্য কাজে বাধা দান, বেআইনিভাবে তাদেরকে আটকে রাখার মামলা করা হয়েছে মাহমুদুরের বিরুদ্ধে। এ মামলার অভিযোগগুলো জামিনযোগ্য নয়। তাদের দাবি, মাহমুদুর বা তার লোকজন পুলিশেকে হামলা তো দূরের কথা তাদেরকে কোনো বাধাই দেননি। সংবাদপত্রের কন্ঠরোধ, স্বাধীন মতপ্রকাশের অধিকার হরণের জন্য তাকে নির্লজ্জভাবে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপর হামলার মামলায় হেফাজতের আবেদনে মামলাটির তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক মো. রেজাউল করিম বলেন, মাহমুদুরসহ এ মামলার এজাহারভুক্ত অপর আসামিরা কাওরান বাজারের বি এস ই সি ভবনের ১১ তলায় আমার দেশ কার্যালয়ে মঙ্গলবার রাত পৌনে ১১টা থেকে ভোর ৪ টা পর্যন্ত পুলিশ ফোর্সকে অবরুদ্ধ করে রাখে। ওই সময় পুলিশ আমার দেশের প্রকাশক হাসমত আলী হাসুর দায়ের করা প্রতারণা মামলায় মাহমুদুরকে গ্রেপ্তারের জন্য গিয়েছিল। এ সময় তারা পুলিশের কাজে বাধা দেন এবং পুলিশকে আক্রমণ করে এ মামলার বাদি উপপরিদর্শক শফিকুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাকে মারাত্মক জখম করে। তাদের জীবননাশের হুমকিও দেন অভিযুক্তরা। বাদিপক্ষে মাহমুদুরের জামিন আবেদনের বিরোধিতা করেন মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার, খন্দকার আবদুল মান্নানসহ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা । তারা বলেন, পত্রিকাটির প্রকাশকের পদ থেকে গত বছরের ১১ অক্টোবর হাশমত আলী হাসু নিজেকে প্রত্যাহারের আবেদন করেন। ওই বছরের ২৬ অক্টোবর জেলা প্রশাসক এ ব্যাপারে প্রয়োজনীয় আদেশ দিলেও মাহমুদুর গায়ের জোরে প্রিন্টার্স লাইনে প্রকাশক হিসাবে হাশমতের নাম ব্যবহার করতেন নিজের গা বাঁচানোর জন্য। মাহমুদুরকে আদালতে হাজির করার সময় আওয়ামী আইনজীবী পরিষদ, সরকারি আইনজীবী এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা এজলাস ও আদালত প্রাঙ্গণে ভিড় করেন। বিএনপি সমর্থক আইনজীবীরা মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। বিএনপি সমর্থক দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বুধবার ভোররাতে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে পত্রিকাটির প্রকাশক হাশমত আলী হাসু তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাহমুদুর রহমানের বিরেুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন। সাবেক জ্বলানি উপদেষ্টা মাহমুদুর রহমান ২০০৮ সালে আমার দেশ পত্রিকাটির ব্যবস্থাপনার দায়িত্ব নেন। এরপর পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব নেওয়ার জন্য তিনি জেলা প্রকাশককে চিঠি দেন। সে সময় থেকেই ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে রয়েছেন তিনি। মাহমুদুর রহমান বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর আগে চারদলীয় জোট সরকারের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালুর ভাই হাশমত আলী হাসু প্রকাশক হিসেবে পত্রিকাটি প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২০৪৭ ঘ.