২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

জমি নিয়ে প্রতারণার অভিযোগে এক দম্পত্তিকে গ্রেফতার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 05:55 PM

Updated : 25 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে প্রতারণার অভিযোগে এক দম্পত্তিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত রোকেয়া বেগম (৫০) ও তার স্বামী আব্দুল ওয়াহেদ বোরহানের (৫০) স্বজনেরা দাবী করেছেন, উদ্দেশ্যমুলকভাবে তাদের গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোকেয়া বেগম ভূমিদস্যু ও তার স্বামী বোরহানউদ্দিন একজন ভুয়া কর্নেল পরিচয়দানকারী। বিভিন্ন ধরণের প্রতারণার মাধ্যমে অঢেল সম্পদ গড়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। র‌্যাব-১ ও উত্তরখান থানা পুলিশ উত্তরখান থেকে রোকেয়া তাদের গ্রেফতার করে। কখনও কখনও তারা সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের আত্মীয় পরিচয় দিয়েও বিভিন্ন ধরণের প্রতারণামূলক কার্যক্রম করতো বলে জানা যায়। উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার নিশারুল আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোরে ধানমন্ডি এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়েছে। এই দম্পত্তির বিরুদ্ধে উত্তরা থানায় বেশ কয়েকটি জিডি রয়েছে। এরমধ্যে জমি সংক্রান্ত বিরোধ ও প্রতারণার অভিযোগ রয়েছে।" তিনি আরও বলেন, "এসব অভিযোগ নিয়ে বিভিন্ন পক্ষের সাথে বসে মিমাংসার চেষ্টাও করেছি। কিন্তু রোকেয়া আক্তার কখনো সে মিমাংসা বৈঠকে হাজির হননি।" উত্তর খান থানার ওসি নাজমুল হোসেন জানান, বেলায়েত হোসেন নামের এক ব্যক্তির ১৫লাখ টাকা প্রতারণার মামলায় গ্রেফতারের পর তাদের থানায় সোপর্দ করা হয়েছে। তবে বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রোকেয়া আক্তারের খালাতো ভাই পরিচয়ে মাকসুুদুর রহমান শাহিন সাংবাদিকদের বলেন, "জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুজন সেনা কর্মকর্তা এই গ্রেফতারের ঘটনা ঘটিয়েছেন।" তিনি জানান, মঙ্গলবার ভোরে ৬০ সেন্ট্রাল রোডের বাসায় সাদা পোশাকের লোকরা বাড়িতে ঢুকে হাত পা বেঁধে উভয়কে নিয়ে যায়। বিকালে তারা জানতে পারেন, দুজনকে উত্তরা থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/২৩৩৫ঘ.