২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেগুনবাড়িতে পাঁচতলা ভবন ধস

রাজধানীর তেজগাঁও এলাকার বেগুনবাড়িতে একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 05:38 PM

Updated : 25 Aug 2022, 11:28 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকার বেগুনবাড়িতে একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেগুনবাড়ির পোস্ট অফিস গলির ১৮/বি নম্বর বাড়িটি ধসে পাশের কয়েকটি তিন তলা টিনশেড বাড়ির ওপর পড়েছে। ধসে পড়া ভবন ও ওইসব বাড়ির বাসিন্দারা আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত হতাহতের বিষয়টি জানা যায়নি। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সায়েদুল ইসলাম তালাত জানান, আব্বাস উদ্দিন নামের এক ব্যক্তি এই ভবনের মালিক। ঝিলের পাড়েই ভবনটি নির্মান করা হয়। গোড়া থেকে ভবনটি দক্ষিণ দিকে পুরোপুরি হেলে ধসে পড়ে। প্রতি ফ্লোরে দুই কক্ষ বিশিষ্ট এই ভবনটি প্রায় দুই কাঠা জমির ওপর নির্মাণ করা হয়েছে বলে স্থানীয় কয়েকজন জানিয়েছেন। ভবনটির পাঁচতলার নির্মাণ কাজ চলছিল। ভবনের ভেতরে কেউ আটকা পড়ে আছে কিনা রাত সাড়ে ১২টা পর্যন্ত তা জানা যায়নি। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আমাদের প্রতিনিধি জানান, ভবনে চাপা পড়া টিন শেড ঘরে এক ব্যক্তি আটকা পড়ে আছে এবং জীবিত আছে। ওই ব্যক্তি বলেছে, তার পাশেই তিনজন মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমএসবি/কেএমএস/০০৪৬ঘ.