২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সেনা প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান

সশস্ত্র বাহিনীর জন্য একটি প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনে রাজধানীর উত্তরার কাছে ৯০০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 04:15 PM

Updated : 25 Aug 2022, 11:29 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সশস্ত্র বাহিনীর জন্য একটি প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনে রাজধানীর উত্তরার কাছে ৯০০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সুপারিশ করা হয় যে, নগরীর ব্যাপক বিস্তারের বিষয়টি বিবেচনা করে প্রস্তাবিত প্রশিক্ষণ ক্যাম্পটি রাজধানীর বাইরে স্থাপন করা উচিত। কমিটির অন্যতম সদস্য বেনজির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "কমিটির সভাপতি বৈঠকে বিষয়টি উত্থাপন করেন। কমিটি সেনা প্রশিক্ষণ ক্যাম্পটি নগরীর ভেতরে নয়, বাইরে স্থাপনের সুপারিশ করে।" তিনি জানান, কমিটি মনে করে প্রতিদিনই ঢাকা মহানগরীর বিস্তার ঘটছে। তাই নাগরিক সুবিধাদির কথা মাথায় রেখেই এই সুপারিশ করা হয়েছে। তবে কমিটির সভাপতি একেএম মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিষয়টি নিয়ে কেবল আলোচনা করেছি, কিন্তু কোনো সুপারিশ করিনি।" তিনি জানান, এ ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব তার কমিটিতে আসেনি। কিন্তু সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "নগরবাসীর সুবিধার্থে সেনা প্রশিক্ষণ ক্যাম্পের জন্য ৯১৬.৩৫ একর জমি অধিগ্রহণ না করতে কমিটি মন্ত্রণালয়ের (ভূমি) কাছে সুপারিশ করেছে।" মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উত্তরা মডেল টাউনের কাছে উত্তরখান এলাকায় একটি প্রশিক্ষণ ক্যাম্প স্থাপনের জন্য ভূমি মন্ত্রণালয় একটি প্রস্তাব পেয়েছে। তবে সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছে। মোজাম্মেল হক বলেন, "এ বিষয়ে সংবাদ করার কিছু নেই, যেহেতু প্রশিক্ষণ ক্যাম্পটি স্থাপনে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব করা হয়নি।" তবে তিনি বলেন, "এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে আমি একটি চিঠি পেয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/এইচএ/২১৫৩ ঘ.