ফরিদপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় ১১ হাজার জাল স্ট্যাম্প আটক করেছে র্যাব।
এছাড়া এক হাজার রুপির দুশ' জাল নোটও আটক করা হয়।
সোমবার রাত সোয়া ১১টার দিকে র্যাব-৮ এর একটি দল ফরিদপুর-রাজবাড়ী সড়কের গোয়ালন্দ মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এসব আটক করে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ওয়ালিয়ুর রশিদ সাংবাদিকদের জানান, ফরিদপুর থেকে কুষ্টিয়াগামী আরজি পরিবহনের যাত্রীবাহী বাসে একটি পরিত্যক্ত কালো ব্যাগের ভেতর জাল রুপি ও স্ট্যাম্পগুলো পাওয়া যায়।
তিনি জানান, আটক করা ১০ হাজার ৭২০টি স্ট্যাম্পের প্রত্যেকটি ৫০ টাকা মূল্যমানের। এ হিসেবে এসব স্ট্যাম্পের মূল্য হয় পাঁচ লাখ ৩৬ হাজার টাকা।
এছাড়া দুই বোতল ফেনসিডিলও আটক করা হয়।
এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১৪৮ ঘ.
bdnews24