ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন (জেএমবি) প্রধান মাওলানা সাইদুর রহমানসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আরো পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ছয়দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাদেরকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক শেখ মাহবুবুর রহমান।
এরপর তিনি তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আরো নয় দিনের রিমান্ডের আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাইদুর ছাড়া বাকি দুজন হলেন, জেএমবি নেতা আবদুল্লাহ হেল কাফী ও তার স্ত্রী জেএমবি সদস্য আয়েশা আক্তার।
গত ২৪ মে পুলিশের তিনটি গোয়েন্দা সংস্থা রাজধানীর দনিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরির বিপুল পরিমান সরঞ্জাম, গ্রেনেড তৈরির বই, আগ্নেয়াস্ত্র, গুলি, জিহাদী পুস্তক উদ্ধার করা হয়।
পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক সাইফুল ইসলাম খালিদ তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। পরের দিন তাদেরকে মুখ্য মহানগর হাকিমের আদালতের অনুমতিক্রমে ছয়দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়।
মঙ্গলবার পুনরায় হেফাজতে নেওয়ার আবেদনে তদন্ত কর্মকর্তা শেখ মাহবুবুর আদালতে বলেন, তাদের কাছে থেকে রাষ্ট্রবিরোধী ও নাশকতামুলক কাজের পরিকল্পনাসহ অনেক তথ্য পাওয়া গেছে। তাদের অন্যন্য সহযোগীর পরিচয়, ঠিকানা ও অবস্থান জানার জন্য এবং তাদের লুকিয়ে রাখা বিভিন্ন রকমের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য উদ্ধারের জন্য তাদেরকে আবারো হেফাজতে নেওয়া জরুরি।
আদালতে তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৮৪৩ঘ.
bdnews24