ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজ ভাঙ্গা শিল্পের উন্নয়নে সরকারি কার্যক্রম তদারকি এবং এক্ষেত্রে কোন মন্ত্রণালয় মূল দায়িত্ব পালন করবে সে ব্যাপারে মন্ত্রিপরিষদের মতামত চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহণ মন্ত্রণালয়।
আগামী দু'একদিনের মধ্যে এ বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হতে পারে।
মঙ্গলবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাহাজ ভাঙ্গা শিল্পের উন্নয়ন বিষয়ক পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান।
সভায় বলা হয়, জাহাজ ভাঙ্গা একটি প্রয়োজনীয় শিল্প। এ থেকে পাওয়া প্রতিটি জিনিসই পুনরায় ব্যবহারযোগ্য। এ শিল্প থেকে বছরে ২০ থেকে ২৫ লাখ টন লোহা ও ৩০ থেকে ৩৫ হাজার টন আসবাবপত্র পাওয়া যায়।
এ শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় পাঁচ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে।
সভায় বলা হয়, অভ্যন্তরীণ জাহাজ নির্মাণসহ আরো অনেক শিল্প বিকাশের অন্যতম মাধ্যম এই জাহাজ ভাঙ্গা শিল্প।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/কেএমএস/১৭৩১ ঘ.
bdnews24