২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তত তিনটি গাছ লাগান: প্রধানমন্ত্রী

পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় প্রত্যেককে অন্তত তিনটি গাছের চারা রোপণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2010, 10:54 AM

Updated : 25 Aug 2022, 11:31 AM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় প্রত্যেককে অন্তত তিনটি গাছের চারা রোপণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "আমি জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সর্বস্তরের জনগণসহ সবাইকে ফলদ, বনজ ও ঔষধি গাছের অন্তত ৩টি চারা রোপণ এবং সরকারের বৃক্ষরোপণ আন্দোলনে অন্যদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।" মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন এবং এক মাসব্যাপী 'জাতীয় বৃক্ষ মেলা-২০১০' এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দানকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু জাতীয় পদক প্রদান করেন। এই পুরস্কার এবার প্রথমবারের মত দেওয়া হয়। একইসঙ্গে তিনি বৃক্ষরোপণে অবদান রাখার জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রদান করেন। বৃক্ষরোপণে অবদান রাখায় ১৬টি ক্যাটাগরিতে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার দেওয়া হয় ৪৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এছাড়া সামাজিক বনায়নে অবদান রাখার জন্য আরো ছয়টি পুরস্কার দেওয়া হয়। পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদান রাখায় বঙ্গবন্ধু জাতীয় পদক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক এ্যামেরিটাস অধ্যাপক কাজী জাকের হোসেন এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার মিলমারিয়া ইউনিয়ন পরিষদ ও খুলনার ডুমুরিয়া উপজেলার মিকসিমিল ইউনিয়ন পরিষদ। এছাড়া কক্সবাজারের টেকনাফে বন রক্ষা করতে গিয়ে বনদস্যুদের হাতে নিহত হওয়া রফিকুল আলমের পরিবারকে এক লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কিউএইচ/কেএমএস/১৬৪৯ ঘ.